রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
১০:১৪ এম
নানা প্রয়োজনে ঢাকার বাসিন্দারা দোকানপাট ও মার্কেটে যান। কিন্তু তীব্র যানজট পেরিয়ে গিয়ে যদি দেখা যায় সব দোকানপাট বন্ধ, তাহলে এটি বেশ বিফলে যাবে। তাই চলুন জেনে নেওয়া যাক রোববার রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।
যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে তা হলো: আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-১৩, মিরপুর-১৪, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট অঞ্চল, তেজগাঁও শিল্প অঞ্চল, ক্যান্টনমেন্ট, গুলশান-১, ২, বনানী, মহাখালী বাণিজ্যিক অঞ্চল, নাখালপাড়া, মহাখালী ইন্টারসিটি বাস টার্মিনাল অঞ্চল, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ীর একাংশ, শনির আখড়া, দনিয়া এবং রায়েরবাগ।
বন্ধ থাকবে যেসব মার্কেট: বিসিএস কম্পিউটার সিটি (আইডিবি), পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসী পল্লী, ইব্রাহীমপুর বাজার, রজনীগন্ধা মার্কেট, ইউএই মৈত্রী কমপ্লেক্স, বনানী সুপার মার্কেট, ডিসিসি মার্কেট গুলশান-১ এবং ২, গুলশান পিংক সিটি, মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোড়ান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, আয়েশা মোশারফ শপিং কমপ্লেক্স এবং মিতালী অ্যান্ড ফ্রেন্ডস সুপার মার্কেট।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
টানা তিন দফা কমার পর দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছে। এবার ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ভালো মানের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সর্বসম্মতিক্রমে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। ওইদিন সকাল ১০টার পর থেকে নতুন দাম কার্যকর হয়েছে। আজ নির্ধারিত সেই দামেই বিক্রি হবে স্বর্ণ।
বাজুস জানিয়েছে, তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের হলমার্ক করা স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২২ হাজার ৪৯০ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।
এর আগে গতকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর) সবশেষ স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভালো মানের প্রতি ভরি স্বর্ণে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা নির্ধারণ করা হয়। এ ছাড়া ২১ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়।
তারও আগে গত ৯ সেপ্টেম্ববর ও ৬ সেপ্টেম্বর আরও দুই দফা স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস।
বাজুস জানিয়েছে, অলংকারের ডিজাইন অনুযায়ী, মজুরি প্রযোজ্য হবে। তবে স্বর্ণ ও রুপার অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
পুরোনো অলংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে ১২ শতাংশ এবং পুরোনো অলংকার পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়ার সুযোগ থাকবে না।
পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে বাজুস নির্ধারিত এই বিক্রয়মূল্য কার্যকর থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শনিবার রায়ো ভায়েকানোকে ৪-১ গোলে পরাজিত করেছে রিয়াল মাদ্রিদ। এই জয়ের ফলে লা লিগায় বার্সেলোনার সঙ্গে তাদের পয়েন্ট সমান হয়ে গেছে।
আগের ম্যাচে, রিয়াল বেতিসের কাছে পরাজিত হয়েছিল জোসে মরিনিওর দল। এবার প্রতিবেশী রায়ো ভায়েকানোর বিপক্ষে তারা দাপুটে জয় অর্জন করে সেই হারের ধাক্কা কাটিয়ে উঠল।
দলটির হয়ে কিলিয়ান এমবাপ্পে দুই গোল করেছেন। এছাড়াও গোল করেছেন জুড বেলিংহাম ও আলভারো কারেরাস। রায়ো ভায়েকানোর হয়ে একমাত্র গোল শোধ করেন সের্হিও কামেয়ো, যা দ্বিতীয়ার্ধের শুরুতে আসে।
চ্যাম্পিয়ন বার্সেলোনা রোববার লেভান্তের মাঠে খেলবে। এই মৌসুমে এখনও পর্যন্ত সব ম্যাচ জেতা বার্সেলোনা এবার পয়েন্ট তালিকায় আবার এগিয়ে যেতে চাইবে।
প্রথমার্ধেই তিন গোলের ব্যবধানে এগিয়ে যায় মরিনিওর দল। ১৪ মিনিটে পেনাল্টি থেকে তারা এগিয়ে যায়। ফ্লোরিয়ান লেজুন কারেরাসকে ফাউল করেন। স্পট কিক থেকে এমবাপ্পে গোলরক্ষক এমিল আউদেরোকে উল্টো দিকে পাঠিয়ে গোল করেন।
দ্বিতীয় গোলেও এমবাপ্পের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। ভিনিসিয়ুস জুনিয়রের চাপে লেজুন বল হারান। এরপর এমবাপ্পের সঙ্গে পাস বিনিময় করে কারেরাস গোল করেন।
এই ম্যাচে প্রথমবারের মতো রিয়ালের রেকর্ড অঙ্কের সাইনিং ইয়ান দিওমান্দে মূল একাদশে সুযোগ পান। ডান দিক থেকে দ্রুত গতিতে বল নিয়ে ঢুকে পড়েন তিনি। কিন্তু তার শট লক্ষ্যভ্রষ্ট হয়ে অনেক ওপর দিয়ে চলে যায়।
মৌসুমে নিজের তৃতীয় গোলটি করেন বেলিংহাম। বাঁ দিক থেকে বল নিয়ে ঢুকে বেলিংহামের জন্য ভিনিসিয়ুস বল বাড়ান। সেই বল থেকেই গোল করেন তিনি। এই মৌসুমে বেলিংহাম দারুণ ফর্মে আছেন।
দূরপাল্লার এক শটে গোলপোস্টে বল লাগান এমবাপ্পে, চতুর্থ গোলের খোঁজে থাকা অবস্থায়। অন্যদিকে, পেদ্রো দিয়াসের একটি শট ঠেকিয়ে দেন রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া।
দ্বিতীয়ার্ধের শুরুতে গোলপোস্টে বল লাগান দিয়াসও। এই সময় রায়ো ম্যাচে ফেরার চেষ্টা করছিল।
৫১ মিনিটে ব্যবধান কমায় রায়ো। ভিনিসিয়ুসের কাছ থেকে বল কেড়ে নিয়ে কামেয়ো গোল করেন কোর্তোয়াকে পরাস্ত করে। এটি ছিল মৌসুমে তার ষষ্ঠ গোল। এই গোলের সঙ্গে রাফিনিয়া ও এমবাপ্পের সঙ্গে যৌথভাবে শীর্ষ গোলদাতার তালিকায় উঠে আসেন তিনি।
পয়েন্ট তালিকায় ১৫ নম্বরে থাকা রায়োর সামনে আরো কিছু সুযোগ আসে। কিন্তু জর্জি সিতাইশভিলি ও লেজুনের শট ঠেকিয়ে দেন কোর্তোয়া।
কিছুটা নিয়ন্ত্রণ ফিরিয়ে আনতে মরিনিও তুর্কি মিডফিল্ডার আরদা গুলেরকে নামান। ইনজুরি সময়ে, তার সহায়তায় এমবাপ্পে নিজের দ্বিতীয় গোল ও দলের চতুর্থ গোল করেন। নিচু ও কোনাকুনি শটে তিনি গোল করেন।
সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে এটি এমবাপ্পের সপ্তম গোল।
মঙ্গলবার এলচের মাঠে খেলবে রিয়াল মাদ্রিদ। একই দিন এস্পানিওলের বিপক্ষে নিজেদের মাঠে খেলবে রায়ো ভায়েকানো।
এদিন আরও কিছু ম্যাচ হয়েছে লা লিগায়। রেসিং সান্তান্দের ২-১ গোলে তৃতীয় স্থানে থাকা আলাভেসকে পরাজিত করেছে। ওসাসুনার মাঠে ২-০ গোলে জিতেছে এস্পানিওল। আর নিজেদের মাঠে এলচের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে অ্যাথলেটিক বিলবাও।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মানবজীবনের ভারসাম্য, প্রশান্তি এবং বংশবৃদ্ধির একটি সুন্দর ও পবিত্র অনুঘটক বিয়ে। এটি শুধুমাত্র দুটি মানুষের সামাজিক বন্ধন নয়, বরং আত্মিক প্রশান্তি অর্জনের এক অপূর্ব ইসলামি মাধ্যম হিসেবেও বিবেচিত। তবে অনেক সময় ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য বিয়েকে একটি মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়, যেমন বিদেশ যাওয়ার জন্য নির্দিষ্ট চুক্তিতে বিয়ে করা। এ বিষয়টি বৈধ না অবৈধ, এ ব্যাপারে ইসলামের বিধিনিষেধ কী?
একটি ইসলামি আলোচনা অনুষ্ঠানে প্রখ্যাত ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহকে যখন এ ব্যাপারে প্রশ্ন করা হয়, তখন তিনি উত্তরে বলেন, অনেকেই লন্ডনে যাওয়ার জন্য অভিনয় করে, আসলে তারা জামাই-বউ নয়, বরং কেবল কাগজে-কলমে জামাই-বউ। যাদের সেখানে গিয়ে সবাই যার যার রাস্তা ধরে চলে যায়। বর্ডার ক্রস ও ইমিগ্রেশন পাস করার আগ পর্যন্ত এটি আসলে বিবাহ নয়, বরং বিয়ের নামে তামাশা করা, যেটি সম্পূর্ণই নাজায়েয কাজ।
তিনি আরও বলেন, শরীয়তের দৃষ্টিকোণ থেকে যদি প্রস্তাব ও সম্মতি দুইজন স্বাক্ষীর উপস্থিতিতে হয়ে থাকে, তাহলে বিয়ে হয়ে যায়। এরপর স্বামী-স্ত্রী হিসেবে সকল হক, সকল পাওনা একে অপরের প্রতি প্রযোজ্য হবে। যদি এটি নাটক বানানো হয় এবং এ সময় যদি নিয়মতান্ত্রিকভাবে ডিভোর্স না হয়ে অন্যত্র বিয়ে হয়, তাহলে সেটা জায়েজ হবে না। পুরুষ তার স্ত্রীর অধিকার না আদায় করার জন্য আল্লাহর কাছে দায়ী থাকবে। পূর্ব থেকেই যদি এ ধরনের ডিভোর্সের চিন্তা থাকে, তাহলে এটি স্পষ্টতই গুনাহের কাজ এবং ভয়াবহ অপরাধ। এটি কোনোভাবেই জায়েজ নয়।
স্ত্রী শর্ত ভঙ্গ করলে ‘বিনা তালাকে’ কি তালাক হয়ে যাবে?
বিয়ের গুরুত্বারোপ করে রাসুলুল্লাহ (সা.) বলেছেন যে একাকি থাকা বা অহেতুক বিয়ে এড়িয়ে চলা তার আদর্শের অংশ নয়—
النِّكَاحُ مِنْ سُنَّتِي فَمَنْ لَمْ يَعْمَلْ بِسُنَّتِي فَلَيْسَ مِنِّي
‘বিয়ে হলো আমার সুন্নত (আদর্শ)। সুতরাং যে আমার সুন্নত অনুযায়ী আমল করল না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়।’ (ইবনে মাজাহ ১৮৪৬)
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুড়িগ্রামের কচাকাটা থানা পুলিশের চালানো পৃথক দুটির মাদকবিরোধী অভিযানে ৪২৭ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময়, দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তবে একটি অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে জয়নাল নামে একজন ব্যক্তি পালিয়ে যান বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) নারায়ণপুর ইউনিয়নের বাহারের ঘাট এলাকায় প্রথম অভিযানটি পরিচালিত হয়েছে। স্থানীয় মাদক নির্মূল কমিটির সদস্যদের সহযোগিতায় এই অভিযানে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, উদ্ধারকৃত ইয়াবাগুলো জয়নাল নামে স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশ যখন সেখানে উপস্থিত ছিল, তখন সে দুর্গম চরাঞ্চলের সুযোগ নিয়ে পালিয়ে যায়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পরে একই দিন রাতে কচাকাটা থানার গাবতলা বাজার এলাকায় আরেকটি পৃথক অভিযান চালায় পুলিশ। এ সময়ে ২৭ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা ইয়াবার ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলাদা মামলা করা হয়েছে।
ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন এবং কচাকাটা থানার অফিসার ইনচার্জ অর্পণ কুমার দাসের নেতৃত্বে এই সব অভিযান পরিচালিত হয়েছে।
কচাকাটা থানা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিরুদ্ধে তাদের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদকদ্রব্যের বিস্তার রোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। মাদক কারবারী ও মাদক সেবীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”
তালাশ বিডি/মিডিয়া লিঃ