রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৭:৩৮ পি.এম
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভোলার চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ ১৯ নং ঢালচর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা ও হিসাব-নিকাশ। নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও বাড়ছে তৎপরতা। এরই মধ্যে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে উঠে এসেছে শাহে আলম ফরাজির নাম।
শাহে আলম ফরাজি বর্তমানে ঢালচর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি যুবদলের সাবেক সভাপতি হিসেবে সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকায় ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তার যোগাযোগ রয়েছে বলে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে।
আসন্ন নির্বাচনকে ঘিরে ইউনিয়নের বিভিন্ন এলাকায় সম্ভাব্য প্রার্থীদের নিয়ে ইতোমধ্যে শুরু হয়েছে আলোচনা। সাধারণ ভোটারদের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের মধ্যেও চলছে প্রার্থী বাছাই ও নির্বাচনী সমীকরণ নিয়ে নানা আলোচনা। এসব আলোচনায় শাহে আলম ফরাজির নাম গুরুত্বের সঙ্গে উঠে আসছে।
রাজনৈতিক অভিজ্ঞতায় এগিয়ে থাকার প্রত্যাশা
স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড ও সাংগঠনিক অভিজ্ঞতা চেয়ারম্যান পদে নির্বাচনী মাঠে শাহে আলম ফরাজিকে এগিয়ে রাখতে পারে। যুবদলের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পর বর্তমানে ইউনিয়ন বিএনপির গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে রয়েছেন তিনি।
স্থানীয়দের ভাষ্য, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এখনো চূড়ান্ত প্রার্থী তালিকা স্পষ্ট নয়। তবে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে সাধারণ মানুষের মধ্যে আলোচনা শুরু হয়েছে। আগামী দিনে নির্বাচনী তৎপরতা আরও বাড়লে প্রার্থীদের জনপ্রিয়তা, সাংগঠনিক অবস্থান ও জনসম্পৃক্ততার বিষয়গুলো আরও স্পষ্ট হয়ে উঠবে।
নির্বাচনী মাঠে কী হয়, সেদিকেই নজর
সব মিলিয়ে ১৯ নং ঢালচর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এখন থেকেই তৈরি হয়েছে উৎসাহ-উদ্দীপনা। চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে শাহে আলম ফরাজির নাম আলোচনায় থাকায় তার সমর্থক ও নেতাকর্মীদের মধ্যেও রয়েছে আগ্রহ।
শাহে আলম ফরাজি বলেন, ঢালচর ইউনিয়নের মানুষের পাশে থাকার জন্যই দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছি। আমাদের ইউনিয়নের সবচেয়ে বড় সমস্যাগুলোর মধ্যে নদীভাঙন অন্যতম। নদীভাঙনে অনেক মানুষ বসতভিটা ও সহায়-সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন। আমি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেলে নদীভাঙন রোধে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সর্বোচ্চ চেষ্টা করব।
জেলেদের পাশে থাকার অঙ্গীকার
ঢালচর ইউনিয়নের অনেক পরিবার নদী ও মৎস্য আহরণের ওপর নির্ভরশীল। জেলেদের জীবন-জীবিকার বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেন সাহে আলম ফরাজি বলেন, ঢালচর ইউনিয়নের অনেক পরিবার সরাসরি নদী ও মৎস্য আহরণের ওপর নির্ভরশীল। জেলেরা নানা প্রতিকূলতার মধ্য দিয়ে জীবিকা নির্বাহ করেন। তাদের দুঃখ-কষ্ট আমি বুঝি। জেলেদের সরকারি সুযোগ-সুবিধা, প্রণোদনা ও ন্যায্য অধিকার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করতে চাই।
তিনি আরও বলেন, আমি মানুষের সেবা করতে চাই। চেয়ারম্যান হওয়ার সুযোগ পেলে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে ইউনিয়নের সব মানুষের জন্য কাজ করব। নদীভাঙন, জেলেদের সমস্যা, রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য, বিশুদ্ধ পানি ও নাগরিক সুবিধার উন্নয়নকে অগ্রাধিকার দেব।
জনসেবাকে অগ্রাধিকার দেওয়ার প্রত্যয় শাহে আলম ফরাজি বলেন, আমার রাজনীতির মূল লক্ষ্য মানুষের কল্যাণ। সাধারণ মানুষ ও নেতাকর্মীরা আমাকে যে ভালোবাসা ও সমর্থন দিয়ে আসছেন, সেটাই আমার সবচেয়ে বড় শক্তি। ভবিষ্যতেও মানুষের পাশে থেকে তাদের সুখ-দুঃখের অংশীদার হতে চাই।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফরিদপুরের ভাঙ্গায় বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এশিয়ান টেলিভিশনের সাংবাদিক কাজী আশরাফ আলম সিদ্দিকী (৩৮) নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা বন্ধু মাহমুদ হাসান অনিক (২০) গুরুতর আহত হয়েছেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার হামিরদি ইউনিয়নের মুনসুরাবাদ এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের কুমার নদী ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাজী আশরাফ আলম সিদ্দিকী নড়াইলের লোহাগড়া উপজেলার গোপীনাথপুর গ্রামের বাসিন্দা। আহত মাহমুদ হাসান অনিক একই উপজেলার করফা গ্রামের বাসিন্দা।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে নড়াইল থেকে মোটরসাইকেলে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হন কাজী আশরাফ আলম সিদ্দিকী ও তার বন্ধু মাহমুদ হাসান অনিক। পথে মুনসুরাবাদ এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের কুমার নদী ব্রিজের ওপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দোলা পরিবহনের একটি বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
স্থানীয়দের কেউ কেউ জানান, বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল থাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। তবে দুর্ঘটনার সঠিক কারণ তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সেখান থেকে গুরুতর আহত অবস্থায় কাজী আশরাফ আলম সিদ্দিকীকে ঢাকায় নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে তিনি মারা যান।
খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত দোলা পরিবহনের বাস ও মোটরসাইকেলটি হেফাজতে নেয়।
ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুড়িগ্রাম স্টেডিয়াম প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দুই দিনব্যাপী জেলা পর্যায়ে ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করা হয়েছে। জেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে এই আঞ্চলিক ক্রীড়া উৎসবের আনুষ্ঠানিক সূচনা করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি এর উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসন, শিক্ষা বিভাগের কর্মকর্তা, ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি সুস্থ ও সুন্দর জীবন গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, সহনশীলতা ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে ভূমিকা রাখে। জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ তৈরির জন্য বিদ্যালয় পর্যায়ের এমন প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এ প্রতিযোগিতা চলবে ১৩ সেপ্টেম্বর-১৪ সেপ্টেম্বর পর্যন্ত। এতে কাবাডি, হ্যান্ডবল, দাবা ও সাঁতার—এই চার টি অনুষ্ঠিত হবে। উদ্বোধনীতে ছেলে দল ও মেয়ে দলের কাবাডি খেলা অনুষ্ঠিত হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ