০৭:৫৪ পি.এম
ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাসব্যাপী সচেতনতামূলক ও প্রতিরোধমূলক কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমটি ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও গুলশান সোসাইটির যৌথ উদ্যোগে পরিচালিত হচ্ছে।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে গুলশানে অবস্থিত বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আয়োজকরা জানিয়েছেন, মাসব্যাপী এই কর্মসূচির আওতায় গুলশান এলাকার শিক্ষা প্রতিষ্ঠানসমূহ, মসজিদ, পাড়া-মহল্লা এবং বস্তি এলাকায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা পরিচালনা করা হবে। এ ছাড়া ব্যানার, পোস্টার ও লিফলেট বিতরণের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত বলেন, "পৃথিবীর সব দেশেই মশা রয়েছে। কিন্তু মশার কামড়ে বাংলাদেশের মতো এত মানুষের মৃত্যু অন্য কোথাও হয় না।" তিনি উল্লেখ করেন, "শুধু অসচেতনতা ও দায়িত্বহীনতার কারণে গত তিন বছরে প্রায় ২ হাজার ৭০০ মানুষের মৃত্যু হয়েছে ডেঙ্গু আক্রান্ত হয়ে।" বিষয়টি, তাঁর মতে, "অত্যন্ত উদ্বেগজনক ও হতাশাজনক।"
আরও পড়ুন: জুলাই বিপ্লবে শহীদদের আত্মত্যাগেই রচিত হয়েছে দেশের রাজনীতির নতুন ধারা : ভূমি প্রতিমন্ত্রী
তিনি আরও বলেন, "সচেতনতা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে এ ধরনের মৃত্যু এড়ানো সম্ভব। ডেঙ্গু প্রতিরোধ বা মশা নিয়ন্ত্রণ কোনো একদিনের বা নির্দিষ্ট সময়ের কার্যক্রম নয়।" এজন্য গুলশান সোসাইটির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা সারাবছরব্যাপী এ কার্যক্রম চালিয়ে যাবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুলশান সোসাইটির মহাসচিব মজিবুর রহমান মৃধা, সহ-সভাপতি আব্দুল মাজেদ, ডিএনসিসির কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন