ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

হরমুজ প্রণালীতে জাহাজে হামলায় হতাহত ৪


হরমুজ প্রণালীতে জাহাজে হামলায় হতাহত ৪

ঈরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নিয়ে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে রোববার সেখানে একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় একজন নিহত ও তিনজন আহত হয়েছে বলে জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ।

সংবাদ সংস্থা এএফপি’র দেওয়া খবরের সূত্র অনুযায়ী, রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে কেশম শহরের গভর্নর আমির তেইমুরি জানান, 'আজ ভোর ৫টার দিকে হেঙ্গাম ও কেশম দ্বীপের উপকূলের নিকটে একটি বাণিজ্যিক জাহাজে হামলা হয়েছে। এতে একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।'

একই সঙ্গে, হরমুজ প্রণালীর সবচেয়ে বড় দ্বীপ কেশমের আশপাশে শনিবার রাত থেকে বেশ কয়েক দফা বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার খবরও পাওয়া গেছে।

আরও পড়ুন: কৃষি ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বাকৃবিতে আন্তর্জাতিক প্রকল্পের উদ্বোধন

এই প্রাণহানির ঘটনা ঘটে চলমান উত্তেজনার মধ্যেই। জানা গেছে যে, গুরুত্বপূর্ণ এই নৌপথের অবরোধ নিয়ে আলোচনার জন্য এক দিন পরই ওমানে ইরান ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে একটি বৈঠক হতে যাচ্ছে। উল্লেখ্য, ওমানও হরমুজ প্রণালীর তীরবর্তী একটি দেশ।

বিশ্বের তেল ও গ্যাস বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালির নিয়ন্ত্রণ বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ছয় মাস ধরে চলমান সংঘাতের অন্যতম প্রধান উত্তেজনা কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে।

২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার ফলে যুদ্ধ শুরু হওয়ার পর পাল্টা পদক্ষেপ হিসেবে ইরান হরমুজ প্রণালীর নৌপথ বন্ধ করে দেয়। সংঘাত শুরুর আগে পর্যন্ত, এই নৌপথে জাহাজ চলাচল ছিল অবাধ ও নির্বিঘ্ন।

বর্তমানে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে ইরানের কাছ থেকে বিশেষ অনুমতি নিতে হচ্ছে। নিরাপত্তা এবং নিজেদের সার্বভৌমত্বের বিষয়টি উল্লেখ করে ইরান এই ব্যবস্থা গ্রহণ করেছে। সেইসঙ্গে, জাহাজ চলাচলের জন্য সেবা-ফি নেওয়ার একটি ব্যবস্থা চালুর বিষয়েও চিন্তা-ভাবনা করছে দেশটি।

আরও পড়ুন: ঢাকার বড় চ্যালেঞ্জ যানজট ও রাস্তায় হকারের অব্যবস্থাপনা: ডিএসসিসি প্রশাসক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্থানীয় সরকার নির্বাচন স্বচ্ছভাবে হবে: প্রতিমন্ত্রী পুতুল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৫১ পি.এম


স্থানীয় সরকার নির্বাচন স্বচ্ছভাবে হবে: প্রতিমন্ত্রী পুতুল

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন বিগত যেকোনো সময়ের চেয়ে স্বচ্ছ হবে। তিনি জানান, এ নির্বাচনে কোনো দলীয় প্রতীক থাকবে না।

মহান স্থানীয় সরকার কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, স্থানীয় সরকার কার্যক্রম শতভাগ সক্রিয় করার চেষ্টা করা হবে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন এসব কথা।

ফারজানা শারমিন পুতুল বলেন, ‘যোগ্য, ভালো ও শিক্ষিত মানুষদের নিয়ে স্থানীয় সরকার নির্বাচন করতে চাই। নির্বাচনের মাধ্যমে আমরা ধ্বংস হয়ে যাওয়া স্থানীয় সরকার ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করতে সক্ষম এমন ব্যক্তিদের নির্বাচিত করার চেষ্টা করব।’

তিনি আরো বলেন, ‘বর্তমান সরকার যে জনগণের সরকার, তা দেশের মানুষ জানে, বিশ্বাস করে এবং সরকারের ওপর আস্থা রাখতে শুরু করেছে বলে আমি বিশ্বাস করি। জনগণের অনেক চাহিদা রয়েছে, যার সবগুলো এখনো আমরা পূরণ করতে পারিনি। এর মধ্যে অন্যতম হলো গ্যাস, বিদ্যুৎ ও তেলের সমস্যা।’

তিনি উল্লেখ করে বলেন, ‘দীর্ঘদিন ধরে বাংলাদেশের এসব খাতকে অন্যের ওপর নির্ভরশীল করে রাখা হয়েছে। আমরা চাই, এসব সমস্যা এমনভাবে সমাধান করার, যাতে বাংলাদেশকে আর কারও ওপর নির্ভরশীল হয়ে থাকতে না হয়।’

পুতুল বলেন, ‘সমস্যা ও সমাধানের মধ্যবর্তী এই সময়টুকু আমাদের সবার জন্যই কষ্টকর। এই কষ্টের জন্য বর্তমান সরকার, এমনকি মাননীয় প্রধানমন্ত্রীও বারবার দুঃখ প্রকাশ করেছেন। আমরা যেখানে যাচ্ছি, সেখানেই দেশের মানুষের কাছে দুঃখ প্রকাশ করছি। আমাদের আন্তরিকতা ও প্রচেষ্টার কোনো কমতি নেই। এ কাজে সবার সহযোগিতা চাই।’

সভায় জেলা প্রশাসক সুমনী আক্তারের সভাপতি এবং পুলিশ সুপার শরিফুল হক, সিভিল সার্জন মশিউর রহমান, জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা আরো উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিনে-দুপুরে নদী বাঁধ রক্ষার জিওব্যাগ লুটের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

মাইদুল ইসলাম মামুন নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৫৪ পি.এম


দিনে-দুপুরে নদী বাঁধ রক্ষার জিওব্যাগ লুটের অভিযোগ

 

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে নদীভাঙন প্রতিরোধে ব্যবহৃত জিওব্যাগ লুটের অভিযোগ উঠেছে। দিনের বেলায় এলাকার কিছু অসাধু ব্যক্তি জিওব্যাগ থেকে বালু বের করে ব্যাগ নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এতে নদীভাঙন প্রতিরোধ কার্যক্রম হুমকির মুখে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন এলাকায় নদীর কিনারা রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে বাঁধ নির্মাণ ও সংরক্ষণকাজের অংশ হিসেবে সিসি ব্লকের পাশাপাশি জিওব্যাগ স্থাপন করা হয়েছে। নদীভাঙন প্রতিরোধে এসব জিওব্যাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তবে স্থানীয়দের অভিযোগ, দিনের বেলায় কিছু অসাধু লোক জিওব্যাগের বালু ফেলে দিয়ে ব্যাগ নিয়ে যাচ্ছে। এভাবে জিওব্যাগ সরিয়ে নেওয়া অব্যাহত থাকলে নদীর তীর দুর্বল হয়ে ভাঙন দেখা দিতে পারে। এতে নদী তীরবর্তী মানুষের বসতবাড়ি, ফসলি জমি ও জীবনযাত্রা হুমকির মুখে পড়ার আশঙ্কা রয়েছে।

এলাকার সচেতন সমাজ জানায়, নদীভাঙন প্রতিরোধে সরকারি অর্থায়নে স্থাপিত জিওব্যাগ রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে জিওব্যাগ লুটের অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

এলাকার সচেতন যুবসমাজ পানি উন্নয়ন বোর্ড, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে নদী বাঁধ রক্ষার কাজ সঠিকভাবে হচ্ছে কি না, তা সরেজমিনে পরিদর্শনের আহ্বান জানিয়েছে।

স্থানীয়দের দাবি, নদীভাঙন প্রতিরোধে স্থাপিত জিওব্যাগ সংরক্ষণে নিয়মিত নজরদারি বাড়ানো এবং লুটপাট বন্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতিসংঘে কূটনৈতিক বিরোধ নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে দুঃখ প্রকাশ ফ্রান্সের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৫৬ পি.এম


জাতিসংঘে কূটনৈতিক বিরোধ নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে দুঃখ প্রকাশ ফ্রান্সের

জাতিসংঘ সাধারণ পরিষদের একটি বৈঠকে যুক্তরাষ্ট্রের ভোটদানের পদ্ধতির সমালোচনা করে অনলাইনে দেওয়া একটি পোস্টের জন্য ফ্রান্সের জাতিসংঘ মিশন দুঃখ প্রকাশ করেছে।

শনিবার মার্কিন কর্মকর্তারা এএফপিকে জানিয়েছেন, ওয়াশিংটন ফ্রান্সের এ বক্তব্যকে স্বাগত জানিয়েছে।

জাতিসংঘে ফ্রান্সের স্থায়ী মিশন শুক্রবার এ দুঃখ প্রকাশ করে। এ সময় যুক্তরাষ্ট্রের মানবাধিকার রক্ষায় অঙ্গীকার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টের জন্য দুঃখ প্রকাশ করা হয়।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

মিশনটি তাদের ওয়েবসাইটে ইংরেজিতে দেওয়া এক বিবৃতিতে বলেছে, ‘সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের একটি ভোটে ফ্রান্স ও যুক্তরাষ্ট্র ভিন্ন অবস্থান নিয়েছে। এই মতপার্থক্য একটি ভোটকে কেন্দ্র করে, মানবাধিকার রক্ষার বিষয়কে কেন্দ্র করে নয়।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘একটি ভোট নিয়ে প্রকাশ্যে মতপার্থক্য যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সংলাপের পথে বাধা সৃষ্টি করে না। এটি আমাদের ঐতিহাসিক মিত্রতা কিংবা শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য একসঙ্গে কাজ করার সক্ষমতাকেও প্রশ্নবিদ্ধ করে না। বহুপক্ষীয় ফোরামেও আমরা একসাথে কাজ করতে পারি।’

ফ্রান্সের এই দুঃখ প্রকাশকে ওয়াশিংটন স্বাগত জানিয়েছে। ওই বিরোধের কারণে যুক্তরাষ্ট্র ফ্রান্সের পরবর্তী রাষ্ট্রদূত নিয়োগের অনুমোদন আটকে রেখেছিল।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের একটি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে বলেন, ‘আমরা ফ্রান্সের বিবৃতিটি লক্ষ্য করেছি এবং এর জন্য কৃতজ্ঞ। অভিন্ন মূল্যবোধ ও স্বার্থ এগিয়ে নিতে আমরা একসঙ্গে কাজ করার অপেক্ষা রয়েছি।’

ফ্রান্সের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর মনোনীত অরেলিয়াঁ লেশেভালিয়েরের নিয়োগের অনুমোদন আটকে রেখেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। তিনি লরাঁ বিলির স্থলাভিষিক্ত হবেন।

লেশেভালিয়ের বর্তমানে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারোর প্রধান কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

ফ্রান্সের রাষ্ট্রদূত নিয়োগে যুক্তরাষ্ট্রের অনুমোদন সাধারণত আনুষ্ঠানিকতা মাত্র। কিন্তু ওই বিরোধের পর থেকে বিষয়টি ঝুলে রয়েছে।

২৪ জুলাই জাতিসংঘ সাধারণ পরিষদে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান হিসেবে ভলকার তুর্কের মেয়াদ বাড়ানোর বিরুদ্ধে ভোট দেওয়ার ১০টি দেশের মধ্যে যুক্তরাষ্ট্র একটি ছিল। উত্তর কোরিয়া, রাশিয়া ও নিকারাগুয়াসহ আরও কয়েকটি দেশ এ ভোটের বিপক্ষে ছিল।

তুর্কের আরেক মেয়াদে দায়িত্ব পালনের বিরোধিতা করে যুক্তরাষ্ট্র ভোট দেওয়ার পর ফরাসি মিশন এক্সে দেওয়া এক পোস্টে লেখে, ‘যুক্তরাষ্ট্র একসময় মানবাধিকারের আলোকবর্তিকা ছিল। এখন আর নয়।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাত রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইঞ্জিনিয়ার নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৫৬ পি.এম


ভাত রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইঞ্জিনিয়ার নিহত

ময়মনসিংহের গফরগাঁওয়ে ভাত রান্না করার সময় বিদ্যুতায়িত হয়ে মাজেদুল ইসলাম মিয়াদ (৩২) নামের এক টেক্সটাইল ইঞ্জিনিয়ার নিহত হয়েছেন। এই ঘটনাটি ঘটে শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে ঢাকার উত্তরা ১৬ নম্বর সেক্টরের ওয়াশা ভবনে।

মৃত মাজেদুল ইসলাম মিয়াদ দক্ষিণ গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়নের দক্ষিণ লামকাইন গ্রামের আলী মাস্টারের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, মাজেদুল ইসলাম মিয়াদ ঢাকায় একটি বেসরকারি টেক্সটাইলে কর্মরত ছিলেন। তার বন্ধু ঢাকার উত্তরা ১৬ নম্বর সেক্টরের ওয়াশাতে চাকরি করতেন এবং ওই ভবনেই বসবাস করতেন। শনিবার রাতে মাজেদুলকে রেখে তার বন্ধু বাড়ি ফিরে যায়।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে, মিয়াদ বৈদ্যুতিক হিটারে রাতের ভাত রান্না করার সময় বিদ্যুতায়িত হয়ে মেঝেতে পড়ে যান। এর ফলে ওয়াশা ভবনের বিদ্যুৎ বিঘ্নিত হয়ে পানির লাইন বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় পানি না পেয়ে এলাকার লোকজন ক্ষুব্ধ হয়ে ওয়াশা ভবনে ছুটে এসে তাকে মেঝেতে পড়ে থাকতে দেখে ৯৯৯ নম্বরে ফোন করেন। এরপর পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মিয়াদকে মৃত ঘোষণা করেন।

মাজেদুলের বন্ধু আরিফুল ইসলাম হৃদয় বলেন, "এই শোক মেনে নেওয়া যায় না।" মিয়াদ এখনো বিয়ে করেননি। জীবনটা শুরু করার আগেই থেমে গেছে। মিয়াদকে হারিয়ে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোক বিরাজ করছে।

পাগলা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, "এটি খুবই দুঃখজনক ঘটনা। এ ব্যাপারে আমাদের কিছু করণীয় নেই।" ঘটনার স্থান যেহেতু ঢাকা, তাই সংশ্লিষ্ট থানা পুলিশ পদক্ষেপ নেবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই রবিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৩৫
জোহর ১১:৪৯
আসর ০৪:০৭
মাগরিব ০৫:৪৭
ইশা ০৬:৫৮
সূর্যোদয় : ০৫:৫০ সূর্যাস্ত : ০৫:৪৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%