শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
১১:৪২ পি.এম
ঢাকা, ১২ সেপ্টেম্বর, ২০২৬ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জাতির প্রয়োজনে সরকার যদি চাইলে বিরোধী দল যেকোনো সময় সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।
আজ শনিবার সন্ধ্যায় টাঙ্গাইলে সাংগঠনিক সফরের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।
ডা. শফিকুর রহমান আরও বলেন, দেশের দায়িত্ব শুধু সরকারের নয়, বিরোধী দলও দায়িত্বহীন নয়। সরকার এবং বিরোধী দল উভয়ের দায়িত্ব রয়েছে দেশের প্রতি। সুতরাং সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার কাজে নিষ্ঠা সহযোগিতা করতে হবে।
তিনি উল্লেখ করেন, দেশের জ্বালানি সংকট মোকাবিলার জন্য দেশে ও বিদেশে দক্ষ টেকনিক্যাল টিম রয়েছে। জাতির স্বার্থে এসব বিশেষজ্ঞদের সরকারের সঙ্গে যুক্ত করার জন্য প্রস্তাব দেওয়া হলেও, সরকার থেকে এখনো কোন সাড়া পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী তাদের একটি টিম গঠন করে প্রস্তাব উপস্থাপনের কথা বলেছেন।
তিনি আরো বলেন, ছয় দফা জনদাবি নিয়ে তারা দ্বিতীয়বারের মতো রাজপথে নেমেছেন। কিন্তু আন্দোলনের নামে ভাঙচুর, অগ্নিসংযোগ কিংবা দেশের ক্ষতি করার উদ্দেশ্য তাদের নেই।
জনগণের সঙ্গে নিয়ে শান্তিপূর্ণভাবে দাবির আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার কথা তিনি জানান।
ডা. শফিকুর রহমান বলেন, জনগণের জন্য আন্দোলন করে জনগণের ক্ষতি করতে চান না। একসময় সরকার জনগণের দাবি বিবেচনা করে মেনে নিতে বাধ্য হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ব্রাহ্মণবাড়িয়া, ১২ সেপ্টেম্বর, ২০২৬ : দীর্ঘ দুই বছর ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে শহরের শিমরাইলকান্দি থেকে মেড্ডা এলাকা পর্যন্ত অংশে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্নস্থান থেকে আসা ৯টি নৌকা অংশ নেয়।
নৌকা বাইচ দেখতে বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা তিতাস পাড়ে ভিড় জমান। এদিন বিকেল সাড়ে ৩টায় নৌকা বাইচ প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা শুরু হলেও দুপুরের পর থেকে দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে। প্রতিযোগিতা শুরুর পর নদীর দুই তীর লোকারণ্য হয়ে ওঠে।
দর্শনার্থী ইতালি প্রবাসী রনি আলম বলেন, নৌকা বাইচ আমাদের প্রাণের উৎসব। আমি ঢাকায় ছিলাম। বাইচ দেখতে আজ সকালে অনেক কষ্ট করে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া এসেছি।
আরেক দর্শনার্থী আল আমিন শাহীন বলেন, নৌকা বাইচকে ঘিরে তিতাসপাড়ের মানুষের মাঝে আনন্দের জোয়ার বয়ে যায়। গোটা ব্রাহ্মণবাড়িয়া আজ উৎসবমুখর। আমরা আনন্দিত। আমরা চাই প্রতি বছর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হোক।
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবুসাঈদ বাসসকে বলেন, নৌকা বাইচ প্রতিযোগিতা এখানকার মানুষের প্রাণের উৎসব। আগামী বছর থেকে আরও জমজমাটভাবে এই প্রতিযোগিতা আয়োজন করা হবে।
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব বাসসকে বলেন, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া এবং এখানকার সংস্কৃতি নিয়ে নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে। এই নৌকা বাইচ প্রতিযোগিতার মাধ্যমে প্রমাণিত হলো ব্রাহ্মণবাড়িয়া একটা সাংস্কৃতিক রাজধানী। নৌকা বাইচ ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যেরই অংশ। মানুষ চায় প্রতিবছর নৌকা বাইচ হোক। আমরা আশা করি আগামী বছর থেকে নিয়মিতভাবে এটি আয়োজন করতে পারব।
প্রতিযোগিতায় প্রথমস্থান অর্জন করে সদর উপজেলার ক্ষমতাপুর গ্রামের শাপলা বয়েজ ক্লাবের নৌকা।
পরে প্রতিযোগিতায় বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাবন, জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শরিফুল ইসলাম, পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ, অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন চন্দ্র দে, জেলা জামায়াতে ইসলামীর আমির মোবারক হোসেন, জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি জহিরুল হক ও সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে ২০২৩ সালে তিতাস নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছিল। তবে ২০২৪ ও ২০২৫ সালে নৌকা বাইচের আয়োজন করা হয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১২ সেপ্টেম্বর ২০২৬ : ব্যস্ত সূচির মধ্যেও আগামী বছর নেপালের বিপক্ষে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগ্রহী বাংলাদেশ। এর মাধ্যমে দুই দল প্রথমবারের মতো কোনো দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হতে যাচ্ছে।
এখন পর্যন্ত নেপালের বিপক্ষে বাংলাদেশ দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে, দুটিই টি-টোয়েন্টি বিশ্বকাপে। তবে দ্বিপাক্ষিক সিরিজে দুই দল কখনো একে অপরের মুখোমুখি হয়নি।
গত বৃহস্পতিবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি বাংলাদেশের সঙ্গে একটি দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের আগ্রহ প্রকাশ করেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) প্রস্তাবটিতে ইতিবাচক সাড়া দিয়েছে। আগামী বছরের শুরুতে সিরিজটি আয়োজনের সম্ভাবনা রয়েছে।
আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের বিসিবির ক্রিকেট অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফীস বলেন, “বিসিবি ও নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের মধ্যে আলোচনা চলছে। আমাদের এফটিপি (ফিউচার ট্যুরস প্রোগ্রাম) ব্যস্ত সূচীতে ভরা। তারপরও এই চক্রের মধ্যে সুবিধাজনক একটি সময় বের করার চেষ্টা করছি। সবকিছু ঠিকঠাক থাকলে সিরিজটি হতে পারে।”
তিনি জানান, চলমান এফটিপি চক্রের মধ্যে সিরিজটি আয়োজন করতে দুই বোর্ডই আগ্রহী।
নাফীস বলেন, “আমরা এই চক্রের মধ্যেই সিরিজটি আয়োজন করতে চাই। নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনও অনুরোধ জানিয়েছে। আমরা বিষয়টি ইতিবাচকভাবে দেখছি।”
সম্প্রতি ভয়াবহ বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে নেপাল। দুর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষের প্রতি সমর্থন জানানো এবং তাদের অনুপ্রাণিত করার উদ্যোগ হিসেবে বাংলাদেশে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের প্রস্তাব দেন নেপালের রাষ্ট্রদূত।
অস্ট্রেলিয়া সফর শেষে বর্তমানে এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ।
চলতি মাসে এশিয়ান গেমস শেষ হওয়ার পর বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতে যাবে। সেখানে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট এবং জিম্বাবুয়েকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে তারা।
এশিয়ান গেমসের প্রস্তুতি ক্যাম্প আগামীকাল রোববার মিরপুরে শুরু হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১২ সেপ্টেম্বর, ২০২৬ : বাংলাদেশে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে খোলা হিসাবের সংখ্যা ২০২৬ সালের জুন শেষে বেড়ে ২৭.২২ মিলিয়নে দাঁড়িয়ে গেছে। আগের প্রান্তিকের তুলনায় এই সংখ্যা ২ দশমিক ৭৭ শতাংশ বেশি হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত ‘এজেন্ট ব্যাংকিংয়ের ত্রৈমাসিক প্রতিবেদন, এপ্রিল-জুন ২০২৬’র তথ্য অনুযায়ী, গত ৩০ জুন পর্যন্ত ৩০টি ব্যাংক ১৫ হাজার ৪২৪ জন এজেন্টের মাধ্যমে পরিচালিত ২০ হাজার ৫৯৭টি আউটলেটের মাধ্যমে এজেন্ট ব্যাংকিং সেবা প্রদান করছিল। এ সময়ে এজেন্টের সংখ্যা ১ দশমিক ৫৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং আউটলেটের সংখ্যা ১ দশমিক ২৭ শতাংশ বেড়েছে।
মোট ২ কোটি ৭২ লাখ ২৪ হাজার ২৫৬টি এজেন্ট ব্যাংকিং হিসাবের মধ্যে ১ কোটি ৩৫ লাখ ৫৮ হাজার ৯১৮টি বা প্রায় ৫০ শতাংশ হিসাব নারীদের এবং আর ২ কোটি ৩০ লাখ ২৭ হাজার ৭৫৫টি হিসাব বা ৮৫ শতাংশ হিসাব গ্রামীণ এলাকার গ্রাহকদের।
প্রতিবেদন অনুযায়ী, এজেন্ট ব্যাংকিং হিসাবের ক্রমবর্ধমান সংখ্যা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে এই সেবার চাহিদা বৃদ্ধির প্রতিফলন হিসেবে দেখা যাচ্ছে। প্রান্তিকে নারী গ্রাহকদের হিসাব ৩ দশমিক ৬ শতাংশ বেড়েছে, যা পুরুষ গ্রাহকদের হিসাব বৃদ্ধির তুলনায় বেশি।
এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে আমানতও ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়ে চলেছে। জুন মাস শেষে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে সংগৃহীত মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৫১৯,০৭২.৯২ মিলিয়ন টাকা। আগের প্রান্তিকের তুলনায় এ আমানত ১ দশমিক ৯৬ শতাংশ এবং এক বছর আগের তুলনায় ১৩ দশমিক ৮২ শতাংশ বেড়েছে।
এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে ঋণ বিতরণে আরও শক্তিশালী প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। জুন মাসের শেষে মোট ঋণ বিতরণের পরিমাণ দাঁড়িয়েছে ৪০৮,৭০৩.৯৭ মিলিয়ন টাকা। আগের প্রান্তিকের তুলনায় ঋণ বিতরণ বেড়েছে ৮ দশমিক ২৬ শতাংশ এবং এক বছরের ব্যবধানে বেড়েছে ৪০ দশমিক ৮৯ শতাংশ।
জুনে এজেন্ট ব্যাংকিংয়ের ঋণ-আমানত অনুপাত বেড়ে ৭৮ দশমিক ৭৪ শতাংশে দাঁড়িয়েছে, যা মার্চ মাসে ছিল ৭৪ দশমিক ১৬ শতাংশ। এই পরিবর্তনের মাধ্যমে এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমে ঋণ বিতরণের গতি বৃদ্ধি পাওয়ার বিষয়টি প্রতিফলিত হয়েছে। এজেন্ট ব্যাংকিংয়ে যুক্ত ৩০টি ব্যাংকের মধ্যে ২৩টি ব্যাংক ঋণ বিতরণ কার্যক্রম পরিচালনা করছে।
এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে বিতরণ করা মোট ঋণের ৬৪ দশমিক ১৭ শতাংশ বা ২৬২,২৬৩.৯৯ মিলিয়ন টাকা গ্রামীণ এলাকার গ্রাহকরা লাভ করেছেন। তবে নারীরা পেয়েছেন মাত্র ৫২,০০২.০৬ মিলিয়ন টাকা বা মোট ঋণের ১২ দশমিক ৭২ শতাংশ। এতে নারীদের ঋণপ্রাপ্তির সুযোগ বাড়ানোর যথেষ্ট অবকাশ রয়েছে বলে প্রতিবেদনে অভিমত ব্যক্ত করা হয়েছে।
এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে দেশে আসা রেমিট্যান্স বিতরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা অব্যাহত রয়েছে। জুন মাসের শেষের দিকে এজেন্টদের মাধ্যমে বিতরণ করা মোট অভ্যন্তরীণ রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ২,১৪৯.০৪১ মিলিয়ন টাকা। আগের প্রান্তিকের তুলনায় এ পরিমাণ ১ দশমিক ৭৬ শতাংশ এবং এক বছরের ব্যবধানে ১৬ দশমিক ৮৭ শতাংশ বেড়েছে।
এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে বিতরণ করা মোট রেমিট্যান্সের ৯০ দশমিক ৪৪ শতাংশ গ্রামীণ এলাকার সুবিধাভোগীরা পেয়েছেন। এতে দেশের বড় শহরগুলোর বাইরের বসবাসকারী জনগণের কাছে রেমিট্যান্স পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এজেন্ট ব্যাংকিংয়ের গুরুত্ব স্পষ্ট হয়েছে।
প্রতিবেদন অনুসারে, বিশেষ করে গ্রামীণ এলাকার ব্যাংকিং সুবিধাবঞ্চিত জনগণের কাছে ব্যাংকিং পরিষেবা পৌঁছে দেয়ার মাধ্যমে এজেন্ট ব্যাংকিং আর্থিক অন্তর্ভুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এজেন্ট ব্যাংকিংয়ের ঋণ-আমানত অনুপাত বৃদ্ধির কারণে এজেন্ট আউটলেটের মাধ্যমে উদ্যোক্তাদের জন্য অর্থায়নের সুযোগ বৃদ্ধির বিষয়টিও প্রতিবেদনে উল্লিখিত হয়েছে। বাংলাদেশ ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (সিএমএসএমই) এবং নারী উদ্যোক্তাদের ঋণ দেওয়ার পাশাপাশি প্রান্তিক জনগণের জন্য পুনঃঅর্থায়ন স্কিম বাস্তবায়নে ব্যাংকগুলোকে উৎসাহিত করছে।
এজেন্ট ব্যাংকিং উদ্যোক্তা হিসেবেও নারীদের অংশগ্রহণ বৃদ্ধি পাচ্ছে। ২০২৬ সালের জুন পর্যন্ত ২৮টি ব্যাংক ১ হাজার ৭৭৬ জন নারী উদ্যোক্তার মালিকানাধীন ২ হাজার ১০৬টি আউটলেটের মাধ্যমে সেবা প্রদান করছিল।
প্রতিবেদন তথ্য দিয়েছে যে, নারী উদ্যোক্তাদের মালিকানাধীন আউটলেটগুলো দেশের মোট এজেন্ট ব্যাংকিং আউটলেটের ১০ দশমিক ২২ শতাংশ গঠন করে। এসব আউটলেটে ২৩ লাখ ৪০ হাজার হিসাব রয়েছে, যার মধ্যে ১৯ লাখ ৪০ হাজার হিসাব গ্রামীণ এলাকার গ্রাহকদের।
বাংলাদেশে ব্যাংক ২০১৩ সালে এজেন্ট ব্যাংকিং ব্যবস্থা কার্যকর করে। এই ব্যবস্থা ভূগোলগতভাবে দুর্গম এলাকায় বসবাসকারী জনগণের কাছে ব্যাংকিং সেবা পৌঁছানোর বিকল্প মাধ্যম হিসেবে এসেছে। এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমে গ্রাহকরা আমানত, ঋণ, রেমিট্যান্স, বিভিন্ন ধরনের বিল পরিশোধ এবং সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা গ্রহণ করতে সক্ষম হন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১২ সেপ্টেম্বর, ২০২৬ : রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত দুইদিনে মোট ৩ হাজার ৯৫২টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, ট্রাফিক-রমনা বিভাগে মোট ১৮১টি মামলা হয়। এর মধ্যে রয়েছে ১১টি বাস, ১টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ১৯টি সিএনজি ও ৫৮টি মোটরসাইকেল। লালবাগ বিভাগে মোট ২১৫টি মামলা হয়েছে, যার মধ্যে ১২টি বাস, ১৯টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি ও ১২৩টি মোটরসাইকেল অন্তর্ভুক্ত রয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩৫টি বাস, ৬টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ৬৩টি সিএনজি ও ২৯৭টি মোটরসাইকেলসহ মোট ৫২০টি মামলা হয়েছে। এছাড়া ওয়ারী বিভাগে ৩২টি বাস, ৩৯টি ট্রাক, ৩৪টি কাভার্ডভ্যান, ৪৭টি সিএনজি ও ১৮৬টি মোটরসাইকেলসহ মোট ৪৪৭টি মামলা দায়ের হয়েছে।
ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১০টি বাস, ৬টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ৪৩টি সিএনজি ও ১৩৬টি মোটরসাইকেলসহ মোট ২৮৩টি মামলা হয়েছে। অন্যদিকে মিরপুর বিভাগে ৭০টি বাস, ৪৯টি ট্রাক, ৭৩টি কাভার্ডভ্যান, ৯৮টি সিএনজি, ৪১৭টি মোটরসাইকেলসহ মোট ৯১৯টি মামলা দায়ের করা হয়েছে।
উত্তরা বিভাগে ৭৯টি বাস, ৩৩টি ট্রাক, ২৬টি কাভার্ডভ্যান, ৯৫টি সিএনজি ও ৪০৪টি মোটরসাইকেলসহ মোট ৯২৯টি মামলা হয়েছে।
অবশেষে ট্রাফিক-গুলশান বিভাগে ৬০টি বাস, ৮টি ট্রাক, ২০টি কাভার্ডভ্যান, ৫২টি সিএনজি ও ১৫৫টি মোটরসাইকেলসহ মোট ৪৫৮টি মামলা হয়েছে।
এছাড়াও অভিযানকালে মোট ৮৪২টি গাড়ি ডাম্পিং করা হয় এবং ৫০৪টি গাড়ি রেকার করা হয়।
গত বৃহস্পতি ও শুক্রবার ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা দায়ের করে।
শহর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির টিমের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ