০৬:৩১ পি.এম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার বন্যার্ত মানুষের পাশে রয়েছে এবং দুর্যোগ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সরকারি ও বেসরকারি সব ধরনের পুনর্বাসন উদ্যোগ ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় অব্যাহত রয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী এলাকায় বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, দেশের যেসব এলাকা সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব স্থানে সরকারের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির জরিপ চলছে। জরিপ শেষে সেসব ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধ এবং বিভিন্ন অবকাঠামো দ্রুত সংস্কার করা হবে। এ ছাড়া প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায়, যাতে তারা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।
আরও পড়ুন: কৃষি ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বাকৃবিতে আন্তর্জাতিক প্রকল্পের উদ্বোধন
ত্রাণ বিতরণ শেষে তিনি চকরিয়ার ছড়াকুল এলাকায় বন্যায় ভেঙে যাওয়া বেড়িবাঁধ, সড়ক ও বসতবাড়ি পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের কথা শোনেন এবং সংশ্লিষ্ট প্রশাসনকে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। পরিদর্শনকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, কক্সবাজারের জেলা প্রশাসক, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে, বেলা সোয়া ১১টার দিকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সেখানে তাকে ফুলের মাধ্যমে স্বাগত জানান কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী এমপি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না এমপি, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজলসহ জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিমানবন্দরে সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময় শেষে তিনি তার নিজ নির্বাচনি এলাকা পেকুয়া উপজেলায় যান। সেখানে তিনি বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন, ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন, ত্রাণ বিতরণ করেন এবং পুনর্বাসন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
আরও পড়ুন: ঢাকার বড় চ্যালেঞ্জ যানজট ও রাস্তায় হকারের অব্যবস্থাপনা: ডিএসসিসি প্রশাসক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন