রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
১১:৩১ এম
দেশের তিনটি জেলায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর আশঙ্কা করছে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে সতর্কসংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।
রবিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য জারি করা পূর্বাভাসে এ বিষয়টির উল্লেখ করা হয়েছে।
এতে জানানো হয়েছে, রংপুর, দিনাজপুর ও ফরিদপুর এলাকায় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সাথে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই অঞ্চলগুলোর নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইরাকি কর্তৃপক্ষ জানিয়েছে যে, সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্রোন হামলায় ব্যবহৃত একটি উৎক্ষেপণ প্ল্যাটফর্ম জব্দ করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দেশের নিরাপত্তা মিডিয়া সেলের প্রধান লেফটেন্যান্ট জেনারেল সাদ মান জানান, একটি বিশেষ গোয়েন্দা দল উৎক্ষেপণ সরঞ্জামটি শনাক্ত করেছে।
এ ছাড়া, ইরাকের অনুরোধের ভিত্তিতে সৌদি আরব আপাতত কোনো পাল্টা সামরিক জবাব না দিয়ে রাজনৈতিক সমাধানের সুযোগ সৃষ্টি করছে।
দক্ষিণ-পূর্ব ইরাকের মায়সান প্রদেশ থেকে ড্রোনগুলো ছোড়া হয়েছিল, যা ইরান সীমান্তের নিকটবর্তী। আলজাজিরার প্রতিবেদনের ভিত্তিতে, লক্ষ্যবস্তুগুলো প্রায় ৮০০ থেকে ১১০০ কিলোমিটারের দূরত্বে অবস্থিত হওয়ায় এই হামলায় উন্নত এবং দূরপাল্লার ড্রোন ব্যবহার করা হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ঘটনার পর, বাগদাদ ইরানের সাথে বেশ কয়েকটি সীমান্ত ক্রসিং সাময়িকভাবে বন্ধ করে দেয়, সেই সঙ্গে প্রধানমন্ত্রী মায়সান প্রদেশের সামরিক কমান্ডার ও পুলিশ প্রধানকে বরখাস্ত করে পুরো সীমান্ত অঞ্চলের সামরিক নেতৃত্বে বড় রদবদল আনেন।
হামলার পরে, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ৪ থেকে ৫ শতাংশ বহনকারী এই গুরুত্বপূর্ণ পাইপলাইনটি বন্ধ করে দেওয়া হয়েছে। ইরাক সরকার ঘোষণা করেছে যে, তারা নিজেদের ভূমি অন্য কোন দেশের বিরুদ্ধে আক্রমণের ঘাঁটি বা ‘প্রক্সি যুদ্ধ’ ক্ষেত্র হতে কখনোই দিতে পারবে না। বর্তমানে এই ঘটনার পেছনে দায়ী ব্যক্তিদের খুঁজে বের করতে বাগদাদ, রিয়াদ এবং তেহরানের মধ্যে গোয়েন্দা তথ্য বিনিময় ও তদন্ত কার্যক্রম চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের আসন্ন উপনির্বাচনে প্রবাসে বসবাসরত ভোটারদের জন্য নির্বাচন কমিশন (ইসি) পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের সুযোগ দিচ্ছে। এ লক্ষ্যে পূর্বে নিবন্ধিত ভোটারদের পাশাপাশি নতুন ভোটারদের জন্যও ‘Postal Vote BD’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়।
নির্বাচন কমিশন জানায়, যেসব ভোটার ইতোপূর্বে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘Postal Vote BD’ অ্যাপে সফলভাবে নিবন্ধিত হয়েছিলেন, তাদের ই-মেইল, হোয়াটসঅ্যাপে অথবা অ্যাপ নোটিফিকেশনের মাধ্যমে যোগাযোগ করা হবে। আগামী ১২ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে অ্যাপের মাধ্যমে পোস্টাল ভোটিংয়ে ভোটদানের সম্মতি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। সম্মতি প্রাপ্তির পরপরই সংশ্লিষ্ট ভোটারদের বর্তমান ঠিকানায় ডাকযোগে ব্যালট ফেরত পাঠানো হবে।
অন্যদিকে, প্রবাসে অবস্থানরত যেসব ভোটার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারেননি, তাদের জন্য আবারও নতুন করে নিবন্ধনের সুযোগ তৈরি করা হয়েছে। আগ্রহী প্রবাসীরা ১২ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে ‘Postal Vote BD’ অ্যাপটি ডাউনলোড করে প্রয়োজনীয় তথ্য প্রদানপূর্বক নতুনভাবে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন এবং উপনির্বাচনে পোস্টাল ভোটিং প্রক্রিয়ায় নিজেদের মতামত ও ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে পারবেন।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রবাসে থাকা ভোটারদের গণতান্ত্রিক অধিকার অক্ষুণ্ন রাখতে ও সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য আধুনিক এই প্রযুক্তিভিত্তিক প্রক্রিয়া সচল রাখা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সব প্রবাসী ভোটারকে প্রসেসটি সম্পন্ন করার জন্য অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাভা সাগরে বৈরী আবহাওয়ার কারণে ২৪৩ জন যাত্রী নিয়ে একটি ইন্দোনেশিয়ার যাত্রীবাহী জাহাজ নিখোঁজ হয়ে গেছে।
রয়টার্সের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়া থেকে যাত্রা শুরু করে যাহাজটি দক্ষিণ কালিমানথান প্রদেশের রাজধানী বানজারমাসিনের উদ্দেশ্যে।
স্থানীয় সময় শনিবার সকাল ১০টা ১৩ মিনিটে সুরাবায়া বন্দর ছেড়ে যায় এটি। কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে যাহাজটির অপারেটরদের সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
অপারেটর কোম্পানি কর্তৃক বিপদ সংকেত পাওয়ার পরপরই উদ্ধারকারী দল দ্রুত উদ্ধার অভিযান শুরু করেছে। বানজারমাসিন অনুসন্ধান ও উদ্ধার অফিসের প্রধান আই পুতু সুদায়ানা এক ভিডিও বার্তায় জানিয়েছেন যে, যাহাজটি দুর্যোগপূর্ণ আবহাওয়ার মোকাবিলা করছে—এমন একটি বার্তা পাওয়ার পর অপারেটর কোম্পানি তাৎক্ষণিকভাবে বিষয়টি প্রশাসনকে অবহিত করেছে।
বার্তা সংস্থা এপির তথ্য অনুযায়ী, জাভা সাগরের বানজারমাসিনের একটি জেটি থেকে প্রায় ১৪৮ কিলোমিটার (৯২ মাইল) দূরে অবস্থানের সময় যাহাজ থেকে সর্বশেষ সংকেত পাওয়া গিয়েছিল।
নিখোঁজদের সন্ধানে বানজারমাসিনের বাসিরিহ সার্চ অ্যান্ড রেসকিউ জেটি থেকে উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলের উদ্দেশে পাঠানো হয়েছে। যাহাজে বহুসংখ্যক যাত্রী থাকায় সমস্ত জনবল ও সরঞ্জাম সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে মাঠে নামানো হয়েছে, এ বিষয়ে সুদায়ানা জানান। কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে সার্বক্ষণিক আবহাওয়া পর্যবেক্ষণের পাশাপাশি অনুসন্ধান চালানো হচ্ছে।
এখন পর্যন্ত এই ঘটনার কারণে কোনো হতাহত কিংবা কোনো যাত্রীর খোঁজ পাওয়া যায়নি।
প্রায় ১৭ হাজার দ্বীপের সমন্বয়ে গঠিত ইন্দোনেশিয়ায় ফেরি ও যাত্রীবাহী জাহাজ চলাচলের জন্য অত্যন্ত জনপ্রিয় কারণ বিমানের তুলনায় নৌপথ সেখানে অপেক্ষাকৃত সস্তা ও সহজলভ্য। তবে দেশটিতে নৌপথের দুর্বল নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারির অভাবে প্রায়ই বড় ধরনের দুর্ঘটনা ঘটে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিতর্কিত পেনাল্টির সিদ্ধান্ত, পোস্ট কাঁপানো সেভ এবং মাত্র ১২১ সেকেন্ডের ব্যবধানে ম্যাচের রং বদলে যাওয়ার নাটকীয়তা! ইংলিশ প্রিমিয়ার লিগের স্টেডিয়াম অব লাইটে এক রোমাঞ্চকর লড়াইয়ে সান্ডারল্যান্ডকে ২-০ গোলে পরাস্ত করে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে অবস্থান ধরে রাখলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্সেনাল। লিগে টানা চার জয়ে গানারদের ঝুলিতে বর্তমানে রয়েছে পূর্ণ ১২ পয়েন্ট।
ম্যাচের প্রথমার্ধ চলাকালীন সময় ছিল বেশ মন্থর। ডেভিড রায়াকে বড় কোনো পরীক্ষার মুখোমুখি হতে হয়নি, ঠিক তেমনি আর্সেনালের আক্রমণভাগও ছিল ধারহীন। কিন্তু বিরতির পর গিমারায়েস মাঠে নামতেই পুরো দৃশ্যপট পরিবর্তিত হয়ে যায়।
ম্যাচের সবচেয়ে বিতর্কিত মুহূর্তটি ঘটেছিল ৫৪ মিনিটে। সান্ডারল্যান্ডের একটি দূরপাল্লার থ্রো-ইনের সময়, তাদের সেন্টার ব্যাক বালার্ড ডি-বক্সের ভেতরে এজরি কোনসারের সাথে সংঘর্ষে জড়িয়ে মাটিতে লুটিয়ে পড়েন। বিতর্ক উস্কে দিয়ে সাথে সাথেই পেনাল্টির বাঁশি বাজান ফিল্ড রেফারি জন ব্রুকস।
৫৬ মিনিটে গ্যালারিতে যখন স্বাগতিক সমর্থকদের উদযাপনের প্রস্তুতি ছিল, ঠিক তখনই পোস্টের নিচে দাঁড়িয়ে দেন ডেভিড রায়া। লে ফির রকেটের গতির নিচু শটটি বাঁদিকে অবিশ্বাস্য এক ডাইভ দিয়ে রুখে দেন এই স্প্যানিশ গোলরক্ষক।
বল তার গ্লাভস স্পর্শ করে পোস্টে লেগে ফেরত আসলে আর্সেনাল নিশ্চিত পতন থেকে রক্ষা পায়।
রায়ার সেই অতিমানবীয় সেভের ঠিক ১২১ সেকেন্ড পর সান্ডারল্যান্ডের গ্যালারিকে স্তব্ধ করে দেয় গানাররা। ডেকলান রাইসের বাড়ানো ছোট পাস থেকে, ডি-বক্সের বাইরে থেকে দুরন্ত এক শটে জাল কাঁপান ব্রুনো গিমারায়েস। আর তাতে আর্সেনালের জার্সিতে নিজের প্রথম গোলের দেখা পান এই ব্রাজিলিয়ান তারকা।
ম্যাচের শেষভাগে সান্ডারল্যান্ডের একাধিক আক্রমণ শক্ত হাতে নস্যাৎ করেন রায়া। তবে, বুকায়ো সাকা ব্যবধান ১-০ রেখেই সন্তুষ্ট হতে চাননি। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে ডি-বক্সে বিপজ্জনকভাবে ঢুকে পড়ে তিনি পেনাল্টি আদায় করেন। সাকাকে ফাউল করার ফলে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সান্ডারল্যান্ডের রেইনিল্ডো মান্দাভা।
ম্যাচের একদম শেষ কিকে, সাকার নেওয়া নিচু ও কোনাকুনি শট গোলরক্ষক রোয়েফসের হাত ছুঁয়ে জালে জড়িয়ে গেলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ