রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
১১:৪৪ এম
জাভা সাগরে বৈরী আবহাওয়ার কারণে ২৪৩ জন যাত্রী নিয়ে একটি ইন্দোনেশিয়ার যাত্রীবাহী জাহাজ নিখোঁজ হয়ে গেছে।
রয়টার্সের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়া থেকে যাত্রা শুরু করে যাহাজটি দক্ষিণ কালিমানথান প্রদেশের রাজধানী বানজারমাসিনের উদ্দেশ্যে।
স্থানীয় সময় শনিবার সকাল ১০টা ১৩ মিনিটে সুরাবায়া বন্দর ছেড়ে যায় এটি। কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে যাহাজটির অপারেটরদের সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
অপারেটর কোম্পানি কর্তৃক বিপদ সংকেত পাওয়ার পরপরই উদ্ধারকারী দল দ্রুত উদ্ধার অভিযান শুরু করেছে। বানজারমাসিন অনুসন্ধান ও উদ্ধার অফিসের প্রধান আই পুতু সুদায়ানা এক ভিডিও বার্তায় জানিয়েছেন যে, যাহাজটি দুর্যোগপূর্ণ আবহাওয়ার মোকাবিলা করছে—এমন একটি বার্তা পাওয়ার পর অপারেটর কোম্পানি তাৎক্ষণিকভাবে বিষয়টি প্রশাসনকে অবহিত করেছে।
বার্তা সংস্থা এপির তথ্য অনুযায়ী, জাভা সাগরের বানজারমাসিনের একটি জেটি থেকে প্রায় ১৪৮ কিলোমিটার (৯২ মাইল) দূরে অবস্থানের সময় যাহাজ থেকে সর্বশেষ সংকেত পাওয়া গিয়েছিল।
নিখোঁজদের সন্ধানে বানজারমাসিনের বাসিরিহ সার্চ অ্যান্ড রেসকিউ জেটি থেকে উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলের উদ্দেশে পাঠানো হয়েছে। যাহাজে বহুসংখ্যক যাত্রী থাকায় সমস্ত জনবল ও সরঞ্জাম সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে মাঠে নামানো হয়েছে, এ বিষয়ে সুদায়ানা জানান। কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে সার্বক্ষণিক আবহাওয়া পর্যবেক্ষণের পাশাপাশি অনুসন্ধান চালানো হচ্ছে।
এখন পর্যন্ত এই ঘটনার কারণে কোনো হতাহত কিংবা কোনো যাত্রীর খোঁজ পাওয়া যায়নি।
প্রায় ১৭ হাজার দ্বীপের সমন্বয়ে গঠিত ইন্দোনেশিয়ায় ফেরি ও যাত্রীবাহী জাহাজ চলাচলের জন্য অত্যন্ত জনপ্রিয় কারণ বিমানের তুলনায় নৌপথ সেখানে অপেক্ষাকৃত সস্তা ও সহজলভ্য। তবে দেশটিতে নৌপথের দুর্বল নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারির অভাবে প্রায়ই বড় ধরনের দুর্ঘটনা ঘটে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিতর্কিত পেনাল্টির সিদ্ধান্ত, পোস্ট কাঁপানো সেভ এবং মাত্র ১২১ সেকেন্ডের ব্যবধানে ম্যাচের রং বদলে যাওয়ার নাটকীয়তা! ইংলিশ প্রিমিয়ার লিগের স্টেডিয়াম অব লাইটে এক রোমাঞ্চকর লড়াইয়ে সান্ডারল্যান্ডকে ২-০ গোলে পরাস্ত করে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে অবস্থান ধরে রাখলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্সেনাল। লিগে টানা চার জয়ে গানারদের ঝুলিতে বর্তমানে রয়েছে পূর্ণ ১২ পয়েন্ট।
ম্যাচের প্রথমার্ধ চলাকালীন সময় ছিল বেশ মন্থর। ডেভিড রায়াকে বড় কোনো পরীক্ষার মুখোমুখি হতে হয়নি, ঠিক তেমনি আর্সেনালের আক্রমণভাগও ছিল ধারহীন। কিন্তু বিরতির পর গিমারায়েস মাঠে নামতেই পুরো দৃশ্যপট পরিবর্তিত হয়ে যায়।
ম্যাচের সবচেয়ে বিতর্কিত মুহূর্তটি ঘটেছিল ৫৪ মিনিটে। সান্ডারল্যান্ডের একটি দূরপাল্লার থ্রো-ইনের সময়, তাদের সেন্টার ব্যাক বালার্ড ডি-বক্সের ভেতরে এজরি কোনসারের সাথে সংঘর্ষে জড়িয়ে মাটিতে লুটিয়ে পড়েন। বিতর্ক উস্কে দিয়ে সাথে সাথেই পেনাল্টির বাঁশি বাজান ফিল্ড রেফারি জন ব্রুকস।
৫৬ মিনিটে গ্যালারিতে যখন স্বাগতিক সমর্থকদের উদযাপনের প্রস্তুতি ছিল, ঠিক তখনই পোস্টের নিচে দাঁড়িয়ে দেন ডেভিড রায়া। লে ফির রকেটের গতির নিচু শটটি বাঁদিকে অবিশ্বাস্য এক ডাইভ দিয়ে রুখে দেন এই স্প্যানিশ গোলরক্ষক।
বল তার গ্লাভস স্পর্শ করে পোস্টে লেগে ফেরত আসলে আর্সেনাল নিশ্চিত পতন থেকে রক্ষা পায়।
রায়ার সেই অতিমানবীয় সেভের ঠিক ১২১ সেকেন্ড পর সান্ডারল্যান্ডের গ্যালারিকে স্তব্ধ করে দেয় গানাররা। ডেকলান রাইসের বাড়ানো ছোট পাস থেকে, ডি-বক্সের বাইরে থেকে দুরন্ত এক শটে জাল কাঁপান ব্রুনো গিমারায়েস। আর তাতে আর্সেনালের জার্সিতে নিজের প্রথম গোলের দেখা পান এই ব্রাজিলিয়ান তারকা।
ম্যাচের শেষভাগে সান্ডারল্যান্ডের একাধিক আক্রমণ শক্ত হাতে নস্যাৎ করেন রায়া। তবে, বুকায়ো সাকা ব্যবধান ১-০ রেখেই সন্তুষ্ট হতে চাননি। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে ডি-বক্সে বিপজ্জনকভাবে ঢুকে পড়ে তিনি পেনাল্টি আদায় করেন। সাকাকে ফাউল করার ফলে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সান্ডারল্যান্ডের রেইনিল্ডো মান্দাভা।
ম্যাচের একদম শেষ কিকে, সাকার নেওয়া নিচু ও কোনাকুনি শট গোলরক্ষক রোয়েফসের হাত ছুঁয়ে জালে জড়িয়ে গেলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে প্রায় ১ লাখ ৩৩ হাজার ৫০০ টাকা মূল্যের ৪৪৫ পিস ইয়াবাসহ মোঃ রাহাত (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০।
শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডিএমপির যাত্রাবাড়ী থানাধীন দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১০ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালায়। এ সময় ৪৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাহাতকে আটক করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৩৩ হাজার ৫০০ টাকা।
গ্রেফতার রাহাত বরগুনা জেলার বেতাগী থানার দক্ষিণ বানিপুর এলাকার মোঃ আক্তার হোসেনের ছেলে। তার কাছ থেকে একটি মোবাইল ফোন, মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ৩ হাজার ১০০ টাকা, একটি লোহার তৈরি পিস্তল সদৃশ লাইটার এবং একটি ডিজিটাল ওজন মাপার মেশিন জব্দ করা হয়েছে।
র্যাবের দাবি, রাহাত একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে রাজধানীর যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
র্যাব-১০ জানায়, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে র্যাব-১০।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদনের সময় রবিবার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টায় শেষ হচ্ছে। একই সময়ের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা নতুন করে আবেদন করতে পারবে।
আন্ত শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের মাধ্যমে যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে, তাদের সংশোধিত ফল একাদশ শ্রেণির ভর্তি আবেদনের পোর্টালে অন্তর্ভুক্ত করা হয়েছে। আগে আবেদন না করা এসব শিক্ষার্থী নতুন করে আবেদন করতে পারবে। আর যারা এরই মধ্যে আবেদন করেছে, তারা নিজেদের আবেদন পরিমার্জন করতে পারবে।
এ ছাড়া গত ১০ সেপ্টেম্বরের মধ্যে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে না পারা শিক্ষার্থীদেরও আজ রাত ৮টা পর্যন্ত নতুন করে আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে।
জোরপূর্বক পদত্যাগপত্রের আইনি বৈধতা নেই
এর আগে গত ২ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হয়। এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করা হবে। এ জন্য কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। অনলাইনে আবেদনের ফি নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা।
ভর্তি নির্দেশিকা অনুযায়ী, একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদন করতে পারবে। আজ রাত ৮টা পর্যন্ত আবেদনকারীরা তাদের পছন্দক্রম পরিবর্তন করতে পারবে।
প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল ১৬ সেপ্টেম্বর রাত ৮টায় প্রকাশ করা হবে। নির্বাচিত শিক্ষার্থীদের ১৮ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে ভর্তি নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চিত না করলে শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।
পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১৯ সেপ্টেম্বর রাত ৮টায়। এরপর ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম চলবে। ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।
নীতিমালা অনুযায়ী, যে শিক্ষাবর্ষে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে, সেই বছর এবং তার আগের দুই বছরের উত্তীর্ণ শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। বিদেশি বোর্ড থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডের মাধ্যমে সনদের সমমান নির্ধারণের পর আবেদনের সুযোগ পাবে।
শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী, বোর্ডের অনুমতি ছাড়া কোনো প্রতিষ্ঠান ছাড়পত্র (টিসি) ইস্যু বা শিক্ষার্থী ভর্তি করতে পারবে না। অনুমোদনহীন শাখা বা বিষয়ে শিক্ষার্থী ভর্তি করা হলে সংশ্লিষ্ট কলেজের পাঠদানের অনুমতি, স্বীকৃতি বা এমপিওভুক্তি বাতিল করা হতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫০টি মামলা করা হয়েছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে, বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।
তিনি জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগের ৪০ জন, লালবাগ বিভাগের ৪২ জন, ওয়ারী বিভাগের ৬৫ জন, মতিঝিল বিভাগের ৬৮ জন, তেজগাঁও বিভাগের ৯৫ জন, মিরপুর বিভাগের ২০৩ জন, গুলশান বিভাগের ৫৫ জন, উত্তরা বিভাগের ৪৯ জন এবং গোয়েন্দা বিভাগের ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানকালে ৭ কেজি ৯৬৫ গ্রাম গাঁজা, ২১১ পিস ইয়াবা, ১০৬ গ্রাম হেরোইন, ১টি বিদেশি পিস্তল, ১টি শর্টগান, ১টি ইয়ারগান, ১ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন, ১টি গুলির খোসা, ৩২টি রেডবল কার্তুজ, ৫৫টি মোবাইল ফোন, ৭টি ফয়েল পেপার, ৩টি গ্যাস লাইট, ১টি সাদা বোতলের অ্যালকোহল, ১টি অটোরিকশা, ৩টি মোটরসাইকেল, ৪টি চাকু, ২টি স্টিলের ব্লেড, ১টি চাপাতি এবং ১ লাখ ৮ হাজার ২২০ টাকা জব্দ করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ