০৯:৫৮ পি.এম
গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে শুরু হওয়া সংঘাতের পর এই প্রথম সিরিয়ার ভেতরে হামলা চালানোর দাবি করেছে ইরান।
শুক্রবার ইসলামী রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানায়, সিরিয়ার আল-তানফ এলাকায় যুক্তরাষ্ট্রের বিশেষ অভিযান বাহিনীর কমান্ড সেন্টারে আকস্মিক হামলা চালানো হয়েছে।
আইআরজিসির জনসংযোগ বিভাগের প্রকাশিত ‘অপারেশন নাসর-২’-এর ১৯তম বিবৃতিতে বলা হয়েছে, ইরানশাহরের বাম্পুর এলাকায় নিহত সেনাদের হত্যার প্রতিশোধ হিসেবে অভিযানের ১১তম ধাপে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স এই হামলা পরিচালনা করেছে। তাদের দাবি, লক্ষ্যবস্তু ছিল আল-তানফে অবস্থিত শত্রুপক্ষের বিশেষ অভিযান কমান্ড সেন্টার।
আরও পড়ুন: মেক্সিকোতে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি করা হলো
বিবৃতিতে আরও বলা হয়েছে, হামলায় আল-তানফে থাকা মার্কিন বাহিনীর একটি রাডার ব্যবস্থা ধ্বংস হয়েছে এবং বিশেষ অভিযানে ব্যবহৃত কয়েকটি হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি বিপুলসংখ্যক মার্কিন সেনা নিহত হওয়ার দাবিও করেছে আইআরজিসি।
অথচ যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ডের (সেন্টকম) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ একটি পোস্টে জানিয়েছে, সম্প্রতি এই অঞ্চলে কোনো মার্কিন সেনা নিহত বা বন্দী হয়নি।
এর আগে ইরান দাবি করেছিল, তারা সিরিয়া-জর্ডান সীমান্তে আল-তানফ ঘাঁটিতে মোতায়েন করা মার্কিন সেনাদের হত্যা করেছে। তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সিরিয়ায় মার্কিন সেনা হত্যার বিষয়ে ইরানের দাবি অস্বীকার করেছে।
সূত্র: আল-জাজিরা।
আরও পড়ুন: জ্বালানির দাম বাড়াল চীন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন