রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
১২:৪২ এম
রংপুর জেলার মিঠাপুকুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় রাইফেলের গুলি এবং শটগানের কার্তুজ জব্দ করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
উদ্ধারকৃত গোলাবারুদের মধ্যে শটগানের আট রাউন্ড সীসা কার্তুজ (লেড বল), শটগানের আট রাউন্ড রাবার কার্তুজ এবং ৭.৬২ মি.মি. রাইফেলের এক রাউন্ড তাজা গুলি রয়েছে।
শনিবার দুপুরে এই তথ্য জানান, র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
র্যাব জানায়, র্যাব-১৩, রংপুর এর একটি আভিযানিক দল ১২ সেপ্টেম্বর গভীর রাতে মিঠাপুকুর উপজেলার লতিবপুর ইউনিয়নের রশিদপুর গ্রামের একটি পুকুরপাড়ে অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় সর্বমোট ১৭ রাউন্ড গুলি ও কার্তুজ উদ্ধার করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামত জিডিমূলে মিঠাপুকুর থানায় হস্তান্তর করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দুর্গম ও সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে খাগড়াছড়ি সদর সেনা রিজিয়নের উদ্যোগে বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল থেকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে এ মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পে চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ, নাক-কান-গলা (ইএনটি) বিশেষজ্ঞ, চক্ষু বিশেষজ্ঞ এবং স্ত্রী রোগ ও প্রসূতি বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ দেন। সেবা নিতে জেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে সহস্রাধিক মানুষ আসেন।
আয়োজকরা জানান, দুর্গম পাহাড়ি এলাকার সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতেই এ ধরনের ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও পার্বত্য অঞ্চলের চিকিৎসা নিশ্চিতে সেনাবাহিনীর এ কার্যক্রম অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, হরমুজ প্রণালিতে ইরান ও ওমানের মধ্যে একটি যৌথ নৌপথ প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা হয়েছে। সোমবার ওমানের রাজধানী মাসকাটে এ বিষয়ে একটি চুক্তি সই হতে পারে। এ বৈঠকে উপসাগরীয় অঞ্চলের আটটি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেবেন বলে জানিয়েছে ইরান।
ভারতীয় সম্প্রচারমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, সোমবার আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা মাসকাটে বৈঠকে বসবেন। সেখানে ইরান ও ওমানের মধ্যে হরমুজ প্রণালিতে একটি যৌথ নৌপথ প্রতিষ্ঠার চুক্তি সই হবে এবং বিষয়টি আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও)কে জানানো হবে।
ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, যেসব দেশের ভূখণ্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা চালিয়েছে, সেসব দেশও বৈঠকে অংশ নেবে।
এদিকে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ও সামরিক হামলার বিষয়ে পেজেশকিয়ান বলেন, যুদ্ধের মাধ্যমে যুক্তরাষ্ট্র তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি। সে কারণেই এখন অর্থনৈতিক চাপ প্রয়োগের পথ বেছে নিয়েছে ওয়াশিংটন। তবে এ চাপের কারণে ইরান তার অবস্থান থেকে সরে যাবে না বলেও জানান তিনি।
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রসঙ্গে পেজেশকিয়ান বলেন, ইরানের টিকে থাকা পুরোপুরি সমুদ্রপথের ওপর নির্ভরশীল নয়। তবে যুক্তরাষ্ট্র অবরোধ ও হামলা বন্ধ করলে ইরান হরমুজ প্রণালি আবার খুলে দেবে।
এর আগে শুক্রবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছিলেন, সোমবার ওমানের আয়োজনে উপসাগরীয় অঞ্চলের আটটি দেশের অংশগ্রহণে একটি আঞ্চলিক মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে আঞ্চলিক বিভিন্ন ইস্যুর পাশাপাশি হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য নিরাপদ নৌপথ নির্ধারণে ইরান ও ওমানের আলোচনার ফলাফল নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
ইরান বলছে, হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে তারা কাজ করছে। তবে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ও সামরিক হস্তক্ষেপ অব্যাহত থাকলে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়।
সোমবারের বৈঠকের বিষয়ে এখনো ওমানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি। এর আগে গত সোমবার ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি জানিয়েছিলেন, হরমুজ প্রণালিতে ওমানের সঙ্গে নতুন একটি নৌ করিডোর তৈরির বিষয়ে কয়েক দিনের মধ্যেই চুক্তি হতে পারে। প্রস্তাবিত ওই করিডোরের প্রবেশ ও বের হওয়ার পথ ইরানের নিয়ন্ত্রণে থাকবে বলেও জানিয়েছিলেন তিনি।
সূত্র: আনাদোলু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে আফ্রিকা ঘুরে এক লাখ টন ক্রুড অয়েলের (অপরিশোধিত জ্বালানি তেল) চালান নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে এমটি নিনেমিয়া নামের একটি জাহাজ।
শনিবার এটি বন্দরের জলসীমায় পৌঁছায়। মধ্যপ্রাচ্য সংকট ও ‘হুতি বিদ্রোহী’ আতঙ্কে নিয়মিত রুটের পরিবর্তে জাহাজটিকে বাংলাদেশে পৌঁছাতে প্রায় ৯ হাজার নটিক্যাল মাইল বেশি দূরত্ব পাড়ি দিতে হয়েছে।
চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত রাষ্ট্রীয় জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির জন্য ক্রুড অয়েলের চালানটি আমদানি করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৩ জুলাই এমটি নিনেমিয়া সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে ক্রুড অয়েল লোড করে যাত্রা শুরু করে। আগে ইয়ানবু বন্দর থেকে ক্রুড অয়েলের জাহাজ আসতে সময় লাগত ১৩-১৫ দিন। এমটি নিনেমিয়া বিকল্প রুটে আফ্রিকা ঘুরে আসতে লেগেছে দেড় মাসেরও বেশি সময়।
চালানটির পরিবহনের দায়িত্বে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) সূত্রে জানা গেছে, আগে ইয়ানবু থেকে রেড-সি দিয়ে বেরিয়ে এসে জিবুতি ও ইয়েমেনের বাব-এল-মান্দেব প্রণালি ও শ্রীলঙ্কা হয়ে চট্টগ্রামে আসা যেত। এ পথে দূরত্ব চার হাজার নটিক্যাল মাইল।
সম্প্রতি বাব-এল-মান্দেবে হুতি বিদ্রোহীদের তৎপরতা বাড়ায় ওই এলাকা দিয়ে জাহাজ চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে। অন্যদিকে, এমটি নিনেমিয়াকে আসতে হয়েছে সুয়েজ খাল-মেডিটেরিয়ানসি-জিব্রাল্টার-পশ্চিম আফ্রিকা-কেপ অব গুড হোপ-মাদাগাস্কার-শ্রীলঙ্কা হয়ে। এই ঘুরপথের দূরত্ব ১৩ হাজার নটিক্যাল মাইল। বাড়তি পথ পাড়ি দেওয়ার জন্য ব্যয়ও বেড়েছে।
উল্লেখ্য, ক্রুড অয়েল আমদানির পর ইস্টার্ন রিফাইনারিতে শোধন করে বিভিন্ন ধরনের জ্বালানি ও উপজাত পণ্য বাজারে সরবরাহ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ