১০:৫০ পি.এম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, "আপনারা যদি মনে করেন রাজনীতি একমাত্র আপনরাই বুঝেন, আর বাংলাদেশের মানুষকে দীর্ঘদিন ধরে বারবার বোকা বানিয়ে প্রাপ্য অধিকার কেড়ে নিবেন, তাহলে ভুল করবেন। যারা গণভোটে হ্যাঁ ভোট দিয়ে বিজয়ী হয়েছে তাদের দাবি, জুলাই সনদ বাস্তবায়নের জন্য প্রয়োজনে আবার রাজপথে নামার জন্য তারা প্রস্তুত।"
তিনি মঙ্গলবার (৩ মার্চ) কুমিল্লা স্টেশন ক্লাব মাঠে আয়োজিত এনসিপির বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
আসিফ মাহমুদ বলেন, "গণভোটে ৭০% ভোট পেয়ে হ্যাঁ ভোট বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে। কিন্তু আমরা সরকার গঠনের পর কি দেখতে পাচ্ছি, সরকারের মধ্যে সংস্কার নিয়ে এক ধরনের চোরপুলিশ খেলা চলছে। সরকার একদিকে বিরোধী দলকে জুলাই সনদকে সম্মান করার কথা বলছে, অন্যদিকে তাদের দলীয় আইনজীবীদের হাইকোর্টে পাঠিয়ে জুলাই সনদ এবং গণভোট অধ্যাদেশকে অবৈধ হিসেবে রায় দেওয়ার চেষ্টা করছে। আমরা আপনাদের এ ধরণের চালাকি বুঝতে পারি।"
আরও পড়ুন: ইরান হাইপারসনিকসহ তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে
তিনি আরো মন্তব্য করেন, "আমাদের সহযোদ্ধারা যারা সংসদে গিয়েছেন, তাঁরা এ বিষয়ে আওয়াজ তুলবেন, সংস্কার বাস্তবায়নের জন্য এবং এ দেশের মানুষের অধিকার বাস্তবায়নের জন্য আওয়াজ তুলবেন। আমরা যদি দেখি জুলাই সনদ বাস্তবায়ন হচ্ছে না, তাহলে আমরা সারা বাংলাদেশে আবার রাজপথে নামব। যদি জুলাই সনদকে হত্যা করার পাঁয়তারা করা হয়, তাহলে এই কুমিল্লা আমাদের পথ দেখাবে।"
আসিফ মাহমুদ আরও বলেন, "আমরা সরকারদলকে আহ্বান জানাবো, শহীদদের প্রতি সম্মান জানিয়ে জুলাই গণঅভ্যুত্থানে যারা সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন তাদেরকে এবং আহতদের প্রতি সম্মান দিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে। জুলাই সনদ বাস্তবায়নের দিকে এগিয়ে যান, আমরা সর্বাত্মক সহযোগিতা করব। কিন্তু যদি আপনারা সে সম্পর্কে আগ্রহী না হন এবং বাংলাদেশের জনগণের সঙ্গে প্রতারণা করেন, তাহলে আমি স্পষ্ট করে বলতে চাই, আপনারাও শান্তিতে সরকার পরিচালনা করতে পারবেন না। যদি তা না চান, তবে জুলাই সনদ বাস্তবায়ন ও সংস্কার বাস্তবায়নে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করুন।"
এ ইফতার মাহফিলের কার্যক্রমে যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ সঞ্চালনা করেন, যেখানে বক্তব্য রাখেন এনসিপির আহবায়ক মো. নাহিদ ইসলাম এমপি, সদস্য সচিব আখতার হোসেন এমপি এবং অন্যান্য নেতৃবৃন্দ। এতে সভাপতিত্ব করেন কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক মো.আতাউল্লাহ।
আরও পড়ুন: ফ্যামিলি কার্ডে মানুষের উচ্ছ্বাস বোঝা সম্ভব নয়: ফারুকী
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন